
আদিতমারী উপজেলা প্রতিনিধি:—–লালমনিরহাটের আদিতমারী উপজেলার লালমনিরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ট্যাপেন্ট ট্যাবলেট সহ মো. আতিক হাসান (৪০) গ্যাস আতিক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)। আজ রোববার সকালে লালমনিরহাট-দুর্গাপুর মহাসড়কের পাশে কর্ণপুর ভাটাপাড়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম সদর থানাধীন ভাটোপাড়া বাজারস্থ দুর্গাপুর তিন মাথা মোড়ে অবস্থান নেয়। সকাল আনুমানিক ১০টার দিকে একটি ‘হিরো হাঙ্ক’ মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের মিটারের সামনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০০ পাতা (মোট ১০০০ পিস) কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আতিক হাসান আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মৃত ছপির উদ্দিনের ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফুল হক জানান, আটককৃত ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে অবৈধ মাদক রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ও ২৬(১) ধারা মোতাবেক অপরাধ করেছেন।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামত ও আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং রাসায়নিক পরীক্ষার জন্য মাদকের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মন্তব্য করুন