ইসলামী ছাত্রশিবিরের ৪৯ বছর পূর্তি উপলক্ষে রাণীশংকৈলে র্যালি অনুষ্ঠিত।
মো: হামিম রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আদর্শভিত্তিক ছাত্রসমাজ গঠন ও নৈতিক শিক্ষার আহ্বান জানিয়ে আয়োজিত এ র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে র্যালিটির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম মুন্না। ব আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সোহেল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সাহাজালাল জুয়েলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ৪৯ বছর ধরে আদর্শবান, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা থেকে দূরে রেখে কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত ও আদর্শভিত্তিক রাখতে ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ ও মানবকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
শেষে শান্তিপূর্ণভাবে র্যালি ও কর্মসূচি সম্পন্ন হয়।