পাবনা সদরে র্যাব-১০ ও ১২ এর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ আসামি গ্রেফতার।
ডেস্ক নিউজ,
পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায় র্যাবের যৌথ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল, র্যাব-১২ এর সহযোগিতায় এ অভিযান চালায়। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলভার এবং ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তাদের সবার বাড়ি পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায়।
র্যাব আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব কর্তৃপক্ষ জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেছে, কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। একটি তথ্যই পারে বড় ধরনের অপরাধ প্রতিরোধ করতে।