
পাটগ্রামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে টাকা ছিনতাই, সিসি ফুটেজে ধরা পড়ল ঘটনা
সাঈদ হোসেন,
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব চৌরঙ্গী তেতুলতলা এলাকায় এক শারীরিক ও বাক প্রতিবন্ধী যুবকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে।
ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী রবিউল ইসলাম একটি সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দূর থেকে দৌড়ে এসে এক ব্যক্তি তাকে জাপটে ধরে। পরে অসহায় অবস্থায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত।
রবিউল ইসলাম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর কাফির বাজার ডাঙ্গীর পাড়ের বাসিন্দা। চার ভাই ও দুই বোনের মধ্যে দুই ভাইই বাক প্রতিবন্ধী। বাবা-মা না থাকায় তিনি বর্তমানে বোনের বাড়িতে বসবাস করছেন এবং জীবিকা নির্বাহের জন্য কাফির বাজারের “মুন স্টোর” হোস্টেলে কাজ করতেন।
ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে দ্রুত দোষীকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
পাটগ্রাম থানার পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন