
চাঁদপুর প্রতিনিধি :
কিশোর নাতির মৃত্যুর সংবাদে নানী আফিয়া বেগম (৬৫ ) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে । সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে নূরপুর গ্রামের নন্দী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন প্রকাশ সিয়াম (১৯) গোপনে সিগারেট খাওয়ার ঘটনা ভিডিও করে পরিবারের সদস্যকে দেখানোর কথা বলাকে কেন্দ্র করে ওই বাড়ির মোহাম্মদ নাসির এর ছেলে মোহাম্মদ নাঈম (১৭) এবং নিকট স্বজনদের সাথে প্রথমে ঝগড়া ও মারামারি হয়। দফায় দফায় হামলার ঘটনায় আহত রিফাত হোসেন প্রকাশ সিয়ামকে মেরে ফেলছে এই কথা শুনে তার নানী আফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত আশপাশের লোকজন তাকে প্রথমে নিকটস্থ মুন্সিরহাট বাজারে গ্রাম্য ডাক্তার এবং পরবর্তীতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় লোকজন জানান, আফিয়া বেগমের মৃত্যুর ঘটনাটি এলাকায় স্থানীয় একটি পক্ষ সমাধানের চেষ্টা করে। পরে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, আফিয়া বেগম নামে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। নাতির মৃত্যুর সংবাদ শুনে আফিয়া বেগম স্ট্রোক করে মারা যায়। যদিও নাতি রিফাত হোসেন প্রকাশ সিয়াম মারা যায়নি।
মন্তব্য করুন