
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অবস্থিত ‘মেসার্স সুইটি ফিলিং স্টেশন’ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার যানবাহন চালক। পারিবারিক কলহের জেরে পাম্পটি বন্ধ থাকলেও বর্তমানে দেশব্যাপী জ্বালানি সংকটের সময়ে এটি সাধারণ মানুষের জন্য এক বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ এই পাম্পটি বন্ধ থাকায় বাইক, ট্রাক এবং কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার চালকদের জ্বালানি সংগ্রহের জন্য এখন ছুটতে হচ্ছে প্রায় ১৪-১৫ কিলোমিটার দূরের মল্লিকপুর অথবা ধানসুরা ফিলিং স্টেশনে।
বর্তমানে তেল সরবরাহে ঘাটতি থাকায় ওই পাম্পগুলোতে গিয়েও নিস্তার মিলছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। অনেক সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়েও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ফিরে আসতে হচ্ছে তাদের। এতে করে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও স্বাভাবিক যাতায়াত।
ভুক্তভোগী স্থানীয় এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের এই সংকটের সময় একটি ফিলিং স্টেশন কেন পারিবারিক কলহের জেরে মাসের পর মাস বন্ধ থাকবে? আমাদের তেলের জন্য ১৫ কিলোমিটার দূরে যেতে হয়, সেখানেও লাইনের শেষ নেই। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”

পারিবারিক বিরোধের জেরে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এভাবে অচল হয়ে থাকাকে অযৌক্তিক মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের দাবি, প্রশাসন অবিলম্বে মধ্যস্থতা করে পাম্পটি পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায়, জনস্বার্থে পাম্পটির লাইসেন্স বাতিল করে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হোক যাতে সাধারণ মানুষকে এই দুর্ভোগ পোহাতে না হয়।
মন্তব্য করুন