
চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধি:—————
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৫ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মাঠপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম কঠোর দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪:১৫ ঘটিকায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডে টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গোবিন্দপুর মাঠপাড়া (সর্দারপাড়া) গ্রামের জনৈক আসাদুলের চায়ের দোকানের সামনে মাদক কেনাবেচা চলছে।

খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৪৫ (পঁয়তাল্লিশ) পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আনারুল ইসলাম (২২)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার চকহারদী (ব্রীজপাড়া) গ্রামের মোঃ মিজার আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আজ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জেলাকে মাদকসহ সকল অপরাধমুক্ত করতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন