
চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ———চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত ‘উইনসেরেক্স’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনা থানার বাসস্ট্যান্ডপাড়া ও শ্যামপুর এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল দর্শনা বাসস্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বকচত্ত্বর চৌরাস্তার মোড়ে অবস্থিত ‘মিলন টি স্টল’ নামীয় একটি মুদি ও চায়ের দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকানের ফ্রিজের ওপর থেকে ৫ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এই ঘটনায় দোকানের মালিক মোঃ মিলন হোসেনকে (৪১) গ্রেফতার করা হয়। তিনি দামুড়হুদা উপজেলার আকন্দবাড়ীয়া তামালতলাপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে। জব্দকৃত ৫ বোতল মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।
বিকেল ৫টার দিকে অপর একটি অভিযানে দর্শনা থানাধীন শ্যামপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ আব্দুল মান্নান (৪৬) নামে একজনকে আটক করে ডিএনসি সদস্যরা। সন্দেহভাজন হিসেবে তার দেহ তল্লাশি করলে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর থেকে ১৮ বোতল কোডিন ফসফেটযুক্ত উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মান্নান দর্শনা থানাধীন জয়নগর প্রথমপাড়া গ্রামের মৃত চান্দু মাস্টারের ছেলে। উদ্ধারকৃত ১৮ বোতল (১.৮ লিটার) মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ বদরুল হাসান এবং উপপরিদর্শক জনাব মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
চুয়াডাঙ্গা ডিএনসির উপ-পরিচালক (ডিডি) জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক চোরাচালান রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন