
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ————ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় বায়ু ও শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে জনসাধারণের চলাচলের রাস্তার পাশে খোলা অবস্থায় বালি, ইট ও সিমেন্ট রাখার দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং নির্মাণসামগ্রী রাস্তা থেকে অন্তত ১০ ফুট দূরে সরিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। একই দিনে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প”-এর আওতায় অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে একটি বাসচালককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত জনসাধারণ ও চালকদের মধ্যে বায়ু ও শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন