
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ———-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কমিটির দুই নেতা।
শনিবার, ২১ ফেব্রুয়ারি রাতে লালমনিরহাট সার্কিট হাউসের ভিআইপি মিলনায়তনে উপস্থিত হয়ে মন্ত্রীকে তাঁরা ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা জানানো আ.লীগের দুই নেতা হলেন জেলা কমিটির অর্থ সম্পাদক হাবিবুর রহমান এবং শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শরওয়ার আলম।

মন্ত্রী আসাদুল হাবিবকে শুভেচ্ছা জানানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শরওয়ার আলম। তিনি লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নের কিশামত হারাটি গ্রামের বাসিন্দা ও লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ।
শরওয়ার আলম বলেন, বিএনপিতে যোগদান করতে নয়, আমার নিজ এলাকার এমপি ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়কে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন ও তিস্তা নদী রক্ষা আন্দোলন এগিয়ে নিয়ে যেতে সমর্থন জানাতে এবং মন্ত্রী হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য লালমনিরহাট সার্কিট হাউসে গিয়েছিলাম।
একই রকম কথা বলেন জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। তিনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মন্তব্য করুন