
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মুহা: তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সালথা থানার এসআই অপূর্ব কুমার, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ,সিনিয়র সাংবাদিক আবুল নাসির হোসাইন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা জরুরি। সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিশুর মানসিক ও শারীরিক বিকাশেও পুষ্টির গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন বক্তারা।

তারা আরও বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও শরীরচর্চার কোনও বিকল্প নেই। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন