
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ——-
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় টানা ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন দুটি পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে গত ১৭ এপ্রিল প্রত্যাশা নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিলো,স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকের পরিবারের সদস্যরা যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন। এতে দুটি পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাশফিকা হোসেন প্রথমে একজন প্রতিনিধি ঘটনাস্থলে পাঠিয়েছিলেন।
তবে তাতে সমস্যার সমাধান না হওয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। এই সময়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ,ইউনিয়ন সচিব আব্দুল হালিম, কম্পিউটার অপারেটর শ্যামলসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাশফিকা হোসেন ভুক্তভোগী রিমা খাতুন,মনিরা খাতুন ও নয়ন খাতুনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
পরে অভিযুক্ত মিনা খাতুনের সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিসেস মাশফিকা হোসেনের
নির্দেশে রাস্তার বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবার গুলোর চলাচলের জন্য ১০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাশফিকা হোসেন বলেছেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পরিবারের অবরুদ্ধ থাকার বিষয়টি জানতে পেরে প্রথমে প্রতিনিধি পাঠানো হয়েছিল। পরে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যা।আমি নিজেই ঘটনাস্থলে আসি। চলাচলের পথ মানুষের মৌলিক অধিকার। কেউ এই অধিকার হরণ করতে পারে না।
উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীদের জন্য রাস্তা উন্মুক্ত করা হয়েছে।স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিসেস মাশফিকা হোসেনের এমন মানবিক ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে অবরুদ্ধ দুটি পরিবার। এছাড়া এমন মানবিক ইউএনও এর শীঘ্রই বদলি হওয়ার খবরে স্থানীয়রা দুঃখ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন