
মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী/উত্তর ধরলা,প্রতিনিধিঃ–
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পবিত্র ৮ রমজান উপলক্ষে নাগেশ্বরী মহিলা কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আবুল কাশেম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে মহিলা দলের ভূমিকা অপরিসীম। রমজানের এই পবিত্র মাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। তিনি বলেন, দলের তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নাগেশ্বরী উপজেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের নিয়ে ইফতার গ্রহণ করা হয়।
মন্তব্য করুন